রাশিয়ার আক্রমণে ইউক্রেনে শিশুসহ নিহত ১০

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের মাঝেই ইউক্রেনে ফের তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনের প্রথম তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত অংশ ধসে পড়ে এবং অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
খারকিভের মেয়র ইগর তেরেখভ জানান, নিহতদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার দ্বিতীয় শ্রেণির ছেলে রয়েছেন। এছাড়া ১৩ বছর বয়সী এক কিশোরী এবং তার মা-ও প্রাণ হারিয়েছেন। হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন, আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজন এখনও আটকা থাকতে পারেন।
খারকিভ আঞ্চলিক প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রাশিয়া এই হামলায় ইজদেলিয়ে-৩০ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত শুরু হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, খারকিভে হামলার পাশাপাশি রাতভর ইউক্রেনজুড়ে আরও বিস্তৃত আক্রমণ চালানো হয়। এতে মোট ২৯টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪৮০টি ড্রোন ব্যবহার করা হয়। লক্ষ্যবস্তু ছিল কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের জ্বালানি স্থাপনা।
তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি ক্ষেপণাস্ত্র এবং ৪৫৩টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলাকে ‘নির্মম আঘাত’ আখ্যা দিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সহায়তার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা
দৈএনকে/জে, আ