‘যুদ্ধ শেষ নয়’—ইরান প্রসঙ্গে নেতানিয়াহু

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও ‘শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১৯ এপ্রিল) আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের চরম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, “দুটি দেশ সভ্যতার পক্ষে বর্বরতার বিরুদ্ধে লড়ছে।”
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল ইতোমধ্যে বড় ধরনের সাফল্য অর্জন করেছে, তবে পরিস্থিতি এখনও শেষ হয়নি। যেকোনো মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে ইসরাইলি প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য আরও আশা ও আলোকবর্তিকা বয়ে আনব।”
এদিকে, সংঘাত নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরানের দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি চললেও আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বক্তব্য আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।
অন্যদিকে, ইরান চুক্তিতে সই না করলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটন একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দিয়েছে। ইরান তা গ্রহণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।
দৈএনকে/জে, আ