অনলাইন জামিন সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত ভবন থেকে মোট সাতটি জেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তার সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুমন।
নতুন চালু হওয়া ই-বেইল বন্ড সেবা হলো এমন একটি ডিজিটাল ব্যবস্থা, যেখানে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা দ্রুত অনলাইনে সরাসরি কারাগারে পাঠানো যায়। এর মাধ্যমে জামিন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং ভোগান্তি কমবে বলে জানানো হয়েছে।
এই সেবা বগুড়ার পাশাপাশি ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায়ও চালু করা হয়েছে। বিচার প্রক্রিয়া সহজ করা, দুর্নীতি কমানো এবং জামিন সংক্রান্ত জটিলতা দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। সকাল ১০টায় তার গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় এবং পরে তিনি হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে যান।
জেলা আইনজীবী সমিতি ও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল এই ব্যবস্থা চালু হলে জামিন জালিয়াতি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং সময় অপচয় অনেকাংশে কমে আসবে।