সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিদ্যুৎ সংকটের মধ্যেই কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

বিদ্যুৎ সংকটের মধ্যেই কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে চলমান জ্বালানি সংকট ও তীব্র গরমের মধ্যে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেবে। তবে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে চরম দুর্ভোগে পড়েছে পরীক্ষার্থীরা।

দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকার বাইরে, বিদ্যুৎ সংকট বেশি তীব্র আকার ধারণ করেছে। সন্ধ্যা ও রাতের সময় নিয়মিত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও দিনে ৬–৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় অনলাইন ক্লাস ও পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চট্টগ্রামের এক শিক্ষার্থী জানায়, রাতে পড়তে বসলে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং তীব্র গরমে পড়াশোনায় মনোযোগ রাখা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যশোরের এক পরীক্ষার্থী জানায়, বিদ্যুৎ এলেও তা অল্প সময় পরই চলে যায়, ফলে নিয়মিত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না।

পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ সংকট পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, যানজট কমাতে পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্বের নিয়ম অপরিবর্তিত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন