সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আরও ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম সেবা চালু

আরও ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম সেবা চালু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশজুড়ে জ্বালানি ব্যবস্থাপনা আধুনিক ও স্বচ্ছ করতে চালু হওয়া ফুয়েল পাস বিডি অ্যাপ কার্যক্রমের আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যুক্ত জেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এসব জেলায় আজ থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এর আগে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু করা হয়। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহসহ বিভিন্ন মেট্রো এলাকায় পাইলট কার্যক্রম পরিচালিত হয়।

গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিউআর কোডভিত্তিক এই ডিজিটাল সিস্টেম চালু করে। এর উদ্দেশ্য হলো ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম কমানো।

সফল পাইলটিং শেষে এই অ্যাপটি পর্যায়ক্রমে দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ