ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি—এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, অনেক দিন পর পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে ঢাকার এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে বসানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনকারী হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে পারেন ত্রিবেদী।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই পদে মনোনয়ন দিয়েছে। তবে তার দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশের সম্মতি প্রয়োজন।
এদিকে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তাকে ঢাকায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা শিথিল হয়ে পড়ে। পরে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ শুরু হয়। এই প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর সম্ভাব্য নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।