দুর্বল গণতন্ত্রের সংকেত: আনিস আলমগীর গ্রেফতারে আসকের উদ্বেগ ও নিন্দা

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানোকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, আনিস আলমগীর সম্প্রতি সরকার এবং রাষ্ট্রীয় নীতি ও কর্মকাণ্ড সমালোচনায় সরব ছিলেন। টেলিভিশন টকশো ও অন্যান্য মাধ্যমে তিনি ভিন্নমত প্রকাশ করায় তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয়েছে। আসক এটিকে মৌলিক গণতান্ত্রিক নীতির পরিপন্থি বলে মন্তব্য করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইন সাংবাদিকতা বা মতপ্রকাশ দমনের জন্য ব্যবহার করা হলে তা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং স্বাধীন মত প্রকাশকে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এই ধরনের অপব্যবহার গ্রহণযোগ্য নয়।
আসক অবিলম্বে আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ প্রত্যাহারের দাবি জানিয়ে, ভবিষ্যতে সাংবাদিক ও ভিন্নমত দমনে এ ধরনের আইনের অপব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।