বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি

    ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের বিশেষ বিমান বুধবার সকালে ঢাকায় যাত্রাবিরতি করে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সিঙ্গাপুর থেকে ভুটানের উদ্দেশে যাওয়ার পথে বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতির সময় ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ হয়।

    সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

    জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।

    রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জিগমে খেসার নামগে ওয়াংচুক। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা এবং রাজপরিবারের সদস্যদের উষ্ণ শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। এ সময় ভুটানের রাজাও বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি শুভকামনা জানান।

    সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে ভুটানের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ভুটান বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে আছে।

    বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও শুভকামনার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

    আলোচনায় দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যের কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

    এ সময় ভুটানের রাজা তার দূরদর্শী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

    প্রকল্পটির বিষয়ে আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

    সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে ভুটানের উদ্দেশে রওনা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন