শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।
বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অন্যদিকে রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল জাতীয় সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনা প্রয়োজন বলেও তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।