বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গণতন্ত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণতন্ত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসনাত আবদুল্লাহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার না হলে আমাদের পরিণতিও হবে অতীতের মতো ভয়াবহ। সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা, তারেক জিয়ার দেশত্যাগ কিংবা খালেদা জিয়ার ভোগান্তি—সবই একটি সতর্কবার্তা। তাই নিয়ম পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৭ বছরে যে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ‘সেইফ হাউজ’ নামে কারাগারে রাখা হয়েছে। এই দমননীতির পরিবর্তন এখনো জনগণ দেখেনি। এমন পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি জামায়াতে ইসলামকে সবচেয়ে ভুক্তভোগী দল হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭১ পূর্ববর্তী অবস্থান স্পষ্ট করতে হবে এবং অতীতে যেসব নিপীড়ন হয়েছে তারও জবাবদিহি হতে হবে। ঐক্যবদ্ধ না হলে আবারও দমননীতির শিকার হতে হবে।

তিনি আরও বলেন, ২৪-পরবর্তী সময়ে সহিংসতার দিকে ফিরতে চাই না। সহিংসতা গণতন্ত্রের শত্রু। তাই আওয়ামী তরিকা রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিনটি দাবিকে সামনে রেখে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ বিনা বিচারে কাউকে তুলে নেবে না—এর কোনো নিশ্চয়তা আছে কি? পরিবারের সদস্যদের অবগত করবে—এর নিশ্চয়তা কি হয়েছে?
এ সময় তিনি এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে সরকার গঠনের সক্ষমতা অর্জনের জন্য সবার দোয়া চান।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন—এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন