নির্যাতন সহ্য করেছি, তবু হাসিনার কাছে মাথানত করি নাই: এ্যানী চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা বারবার জেলে গিয়েছি। হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন সহ সব কিছু সহ্য করেছি। কিন্তু কখনোই হাসিনার কাছে মাথানত করি নাই। আমাদের অনেক নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে, তবুও আমরা সন্ত্রাস ও নির্যাতনের মধ্যে বীরদর্পে নেতৃত্ব দিয়েছি।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “আমার এবং নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে, তারপরও আমরা পালাইনি। রক্তচক্ষু দেখেছি, গডফাদার বাহিনীকে সামলিয়েছি, তবুও নেতৃত্ব দিয়েছি। আমাদের প্রধান লক্ষ্য এখন নতুন বাংলাদেশ গড়া তারেক রহমানের নেতৃত্বে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে গুণগত পরিবর্তন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির কথা বলেছে। আমরা তার নেতৃত্বে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তার নেতৃত্বে সুন্দর নির্বাচন হবে, জনগণের সরকার গঠিত হবে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন, এবং পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।