লক্ষ্মীপুরে সাজানো মামলা করতে গিয়ে গ্রেফতার জুয়েল

জমির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে আব্দুর রহিম জুয়েল নামে এক ব্যক্তি। এ সময় ওই নারীর মাও আহত হয়েছে।
গত রোববার (২৪ আগস্ট) সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হেতিমপুর গ্রামের মালের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে উল্টো মামলা করতে গিয়ে ভুয়া ব্যান্ডেজসহ নাটক সাজাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জুয়েল।
আহতরা হলেন- হেতিমপুর গ্রামের বাসিন্দা সুফিয়া খাতুন ঋতু ও তার মা নূরজাহান বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঢাকায় বসবাসের কারণে খালি পড়ে থাকা তাদের বাড়ি দখল করে জুয়েল দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চালিয়ে আসছিল। বাড়ির সম্পদ ভোগদখল ছাড়াও চাঁদা দাবি করত সে। সম্প্রতি পরিবারের লোকজন বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে জুয়েল বাধা দেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনার পর সুফিয়া খাতুন ও তার মা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। কিছুক্ষণের মধ্যে জুয়েল নিজেকে আহত দেখানোর জন্য ব্যান্ডেজ বেঁধে ভুক্তভোগীদের বিরুদ্ধে পাল্টা মামলা করতে থানায় হাজির হয়। পুলিশের সন্দেহ হলে তার ব্যান্ডেজ খুলে দেখা যায়, কোনো আঘাতের চিহ্ন নেই। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, নারীকে কুপিয়ে জখমের ঘটনায় আমরা একটি ভিডিও পেয়েছি। মামলা দায়েরের পর জুয়েল ভুয়া ব্যান্ডেজ বেঁধে থানায় আসে। বিষয়টি প্রমাণিত হলে তাকে আটক করা হয়। তদন্ত শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।