হাটহাজারীতে মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রামদাস হাট, মুন্সীর ঘাট ও মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে মো. বাবলু (পিতা- আলমগীর মিস্ত্রি) নামের একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, হালদা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে মা মাছ ধ্বংস ও অনুমোদন ছাড়া বালু পরিবহণের সঙ্গে জড়িত থাকায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পুলিশ এএসআই মো. রমজান আলী এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি নদী ও মা মাছ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।