শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মেহেরাজ হাসানকে গ্রেপ্তার করছে পুলিশ।
সোমবার সকালে লাহারকান্দি ও শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মেহেরাজ হাসান পৌরসভা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।
এরমধ্যে জসিম উদ্দিনকে চার শিক্ষার্থী হত্যা মামলায় ও মেহেরাজ হাসানকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, চার আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় চার শিক্ষার্থী নিহত ও দুইশ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয় কয়েকশ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়।