নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়েদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল ও সহকারী অধ্যাপক হুমায়ুন কবির। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মোকাররম হোসেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা, অভিভাবক-শিক্ষক সম্পর্ক দৃঢ়করণ এবং আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অভিভাবকরা তাদের সন্তানদের নিয়মিত ক্লাসে পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সন্তানদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণের অঙ্গীকারও করেন।
অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের জন্য শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীর ত্রিমুখী সহযোগিতা অপরিহার্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করুক তা নয়, বরং নৈতিক ও সুশিক্ষায় আলোকিত হয়ে সমাজের সম্পদে পরিণত হোক।”
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।