হাটহাজারীতে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার কুয়াইশ ও অক্সিজেন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
প্রশাসন সূত্রে জানা গেছে, কুয়াইশ নয়াহাট এলাকায় মোড়কজাতকরণ লাইসেন্স ছাড়া বেকারিপণ্য প্রস্তুত ও বাজারজাত করায় বাগদাদ ফুডস এবং ওজন ও পরিমাপের মানদণ্ডের তুলনায় কম অক্টেন সরবরাহ করায় মোসার্স হাজী এ. ওয়াজেদ এন্ড সন্স–কে জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠান থেকে মোট ৩০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত এ ধরনের অভিযান চালালে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে। তারা মনে করছেন, এতে ব্যবসায়ীরা নিয়ম মেনে চলবে এবং সাধারণ মানুষ মানসম্মত পণ্য ও ন্যায্য মূল্য পাবে, যা তাদের মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি করবে।