গুইমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে গুইমারায় যুব র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র বিতরণ এবং যুব ঋণের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইরিন আকতার। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, "যুবকরাই একটি দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠন করতে পারি। যুব উন্নয়ন অধিদপ্তর যে ঋণ সুবিধা দিচ্ছে, তা তরুণদের আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। আমি আশা করি, এই ঋণের টাকা যথাযথভাবে ব্যবহার করে আপনারা সফল হবেন এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন।"
অনুষ্ঠানে বক্তারা বলেন, "যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং সমাজের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য নিয়মিত এমন কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন।"
অনুষ্ঠানে ৮ জন যুবক - যুবতীকে মোট ৬ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় উপকারভোগী যুবক-যুবতীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এই সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।