মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

যানজট সৃষ্টিকারীদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি: ইউএনও 

যানজট সৃষ্টিকারীদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি: ইউএনও 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হাটহাজারীর ব্যস্ত জনপদের সড়কে যানজট যেন এক দীর্ঘস্থায়ী যন্ত্রণা, যা প্রতিদিনই মানুষের মূল্যবান সময় ও ধৈর্য কেড়ে নিচ্ছে। এই অব্যাহত দুর্ভোগ থেকে মুক্তি পেতে সবার আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

সোমবার (১১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর যানজট নিরসন নিয়ে পেশাজীবীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন। 

সভায় সভাপতির বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “যানজট সমস্যার সমাধানে অনেকে পরামর্শ দেন, কিন্তু অভিযান শুরু হলেই সেই পরামর্শদাতাদের মধ্য থেকেই তদবির আসে—যা সফলতাকে থামিয়ে দেয়। এভাবে চলতে থাকলে সভার পর সভা করেও কোনো ফল মিলবে না।”

তিনি আরও জানান, উপজেলায় যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন স্থানে সরেজমিনে রাস্তাঘাট পরিদর্শন করেছেন। 

এ সময় পথচারী ও চালকদের অভিজ্ঞতা শুনে সমস্যার উৎস ও কারণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। 

এরপর সবাইকে সতর্ক করে দিয়েছেন। তবে ইউএনও স্পষ্টভাবে বলেন, “এখন আর শুধু সতর্কতা নয়; যারা যানজট সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা তারা সারাজীবন মনে রাখবে।”

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এসময় বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. শামসুদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন. ম. জিয়াউল হক চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাহ, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান গনি, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুস শুক্কুর, ট্রাক ইউনিয়ন সমিতির সভাপতি মো. ইলিয়াছ, সিএনজি-টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, জাগৃতি সভাপতি মো. ওসমান প্রমুখ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন