সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টাস ক্লাবের মানববন্ধন

গাজিপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন হত্যা সহ, সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টাস ক্লাব।
সোমবার ১১ আগষ্ট সকাল ১১ টায় টি এ রোডে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক সাজিদুর ইসলাম,রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, আমিনুল ইসলাম আহাদ, যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল সরকার, সাং গঠনিক সম্পাদক শেখ মোঃ নাদিম,দপ্তর সম্পাদক হালিমা খানম,ক্লাবের সদস্য আবদুল কাইয়ুম, ইয়াছিন মাহমুদ,বিডি টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শেখ রাজেন, অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার হারুন আল রশীদ প্রমুখ।উক্ত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে গণমাধ্যম কর্মীদের নেতৃবৃন্দ জানান, গাজীপুরে স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছে। এ ঘটনা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা এই সহিংসতার বড় কারণ। অপরাধীরা শাস্তি না পাওয়ায় এবং সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা না থাকায় হামলার ঘটনা বারবার ঘটছে। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটের দিকে ধাবিত হচ্ছে।
সাংবাদিকরা আরো বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা আইন প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের ওপর সব প্রকার হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, দেশের সব গণমাধ্যম, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণের এই অপচেষ্টাও চিরতরে বন্ধ করতে হবে।