ধানের শীষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক: ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়; এটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে কখনোই প্রতারিত হয়নি।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার রক্ষা করেছে এবং প্রয়োজনে গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শনিবার (৯ আগস্ট) বিকেলে হাটহাজারী উপজেলার কাপ্তাই সড়কের হাজীর ঘাটা চত্বরে দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচি ছিল কেন্দ্র ঘোষিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অংশ।
মীর হেলাল আরও বলেন, গত দেড় দশকে বর্তমান সরকার নানা কৌশলে প্রহসনের নির্বাচন চালিয়েছে। তবে জনগণ আর সেই সুযোগ দেবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুর খান। যৌথভাবে সঞ্চালনা করেন দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক এবং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
এসময় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম এবং উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমুখ।