রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • আফগানিস্তানে নারীদের নাম মুছে ‘বিবি’ ব্যবহারের নির্দেশ তালেবানের

    আফগানিস্তানে নারীদের নাম মুছে ‘বিবি’ ব্যবহারের নির্দেশ তালেবানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি ও হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। পরিবর্তে সব নারীর ক্ষেত্রে ‘বিবি’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

    আফগান সংবাদমাধ্যম জান টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদন ও অনুসন্ধানে এ তথ্য প্রকাশিত হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, বালখ প্রদেশের হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের প্রকৃত নাম লেখা কিংবা নাম ধরে ডাকার পরিবর্তে ‘বিবি’ সম্বোধন করতে বলা হয়েছে। স্থানীয় সংস্কৃতিতে ‘বিবি’ নারীদের সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হলেও শব্দটির অর্থ বয়স্ক নারী বা দাদি-নানির মতো। ফলে সব বয়সী নারীর ক্ষেত্রে একই শব্দ ব্যবহারের নির্দেশ তাদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

    আফগান নারী অধিকারকর্মীদের অভিযোগ, কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ কিংবা ‘গরু’র মতো অবমাননাকর শব্দেও উল্লেখ করা হচ্ছে। তবে এসব শব্দ ব্যবহারের বিষয়টি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে; আনুষ্ঠানিক নির্দেশনার অংশ হিসেবে তা নিশ্চিত করা যায়নি।

    জার্মানিতে অবস্থানরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানির মতে, নারীদের নাম মুছে ফেলার এই প্রবণতা তাঁদের মানবিক পরিচয় ও স্বতন্ত্র অস্তিত্ব অস্বীকারেরই একটি প্রক্রিয়া। তাঁর আশঙ্কা, চিকিৎসার ব্যবস্থাপত্র ও রোগীর নথিতে অসংখ্য নারীকে একই নামে চিহ্নিত করা হলে চিকিৎসাসেবায় বিভ্রান্তি এবং গুরুতর ভুলের ঝুঁকি তৈরি হতে পারে।

    নারীদের অধিকার সংকুচিত হওয়ার ধারাবাহিকতা

    ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও সামাজিক অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা, নারীদের অধিকাংশ পেশায় কাজের সুযোগ বন্ধ এবং জনপরিসরে তাঁদের উপস্থিতি সীমিত করার মতো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

    ২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাসংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও বন্ধ করে দেওয়া হয়। এতে দেশটিতে নারী চিকিৎসক, নার্স ও ধাত্রী তৈরির পথ আরও সংকুচিত হয়েছে। নারী রোগীদের চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধের অভিযোগ রয়েছে।

    আফগানিস্তানে নারীদের নাম ও পরিচয় সংরক্ষণের অধিকার নিয়ে আগে থেকেই সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা ছিল। অনেক ক্ষেত্রে বিয়ের আমন্ত্রণপত্র, পারিবারিক পরিচয় কিংবা সমাধিফলকেও নারীদের নিজস্ব নাম উল্লেখ করা হতো না।

    ২০১৭ সালে লালাহ ওসমানির উদ্যোগে ‘হোয়্যার ইজ মাই নেম’ নামে একটি প্রচারণা শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালে সন্তানদের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল।

    যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন, বালখ প্রদেশে চালু হওয়া এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলও ছড়িয়ে পড়তে পারে। অতীতেও স্থানীয় পর্যায়ে শুরু হওয়া কিছু বিধিনিষেধ পরবর্তী সময়ে দেশব্যাপী কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

    বিশ্লেষকদের মতে, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসাসেবায় প্রবেশাধিকার সংকুচিত করার পাশাপাশি এবার তাঁদের ব্যক্তিগত নাম ও পরিচয়ের ওপর বিধিনিষেধ আরোপের অভিযোগ আফগান নারীদের মানবাধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন