২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ এবং মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গের ৯৬১ জন রোগী শনাক্ত হয়েছেন এবং নতুন করে ৫৪ জনের হাম নিশ্চিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডেঙ্গু পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, চট্টগ্রামে ১৮৯, খুলনায় ১১২, বরিশালে ৯৫, রাজশাহীতে ৫৮, ময়মনসিংহে ৩৫, রংপুরে ৩৩ এবং সিলেটে দুজন রয়েছেন।
এ নিয়ে চলতি বছর ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন।
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০। এর আগে ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন; মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।
হামের পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।
এ সময়ে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৩৬৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৬০, বরিশালে ১১৮, সিলেটে ১০৭, খুলনায় ৭৬, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯। এ সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।
এই সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৮০ জন। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৫২২। চট্টগ্রামে ৫২ হাজার ১৮০, বরিশালে ২৮ হাজার ২০, সিলেটে ২৪ হাজার ১৩৮, খুলনায় ১৮ হাজার ১৬৭, ময়মনসিংহে ১৪ হাজার ১২৪, রাজশাহীতে ১২ হাজার ৪৭৮ এবং রংপুরে ৫ হাজার ১৪০ জন।