১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গনের সর্বত্র নৈরাজ্য ছিল।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো এবং কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে সুষম পরিকল্পনা ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। সরকারের লক্ষ্য বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ভাবনার কথা তুলে ধরে ড. মিলন বলেন, দীর্ঘ সময় প্রবাসে থাকলেও প্রধানমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম আধুনিকায়ন নিয়ে ভেবেছেন। তাঁর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে নতুন বই, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষাকে আনন্দময় ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ কারণে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়টির কোর্স ও পাঠ্যক্রম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।
পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রতি এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ৪৫ হাজার এবং এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। শিক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্নবান হতে হবে।
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সেশনজট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে এবার ছয় লাখের কিছু বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে বিপথে না যান কিংবা তাঁদের শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে জন্য আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
কলেজ অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত করে দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে আন্তরিক। অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে নিয়মিত ক্লাস নিশ্চিত করা এবং জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মিলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।
এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ সম্মিলনে উপস্থিত ছিলেন।