হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে পূর্ব হরমুজ প্রণালি থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত সমুদ্রপথ নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, এসব সামুদ্রিক অঞ্চলে নিয়মিত নজরদারি চালাচ্ছে ইরানের নৌবাহিনী। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার পরামর্শ দেন তিনি।
এর আগে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ বিকল করে দেওয়ার দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল জাহাজটি।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বাণিজ্যিক জাহাজে হামলা, সামুদ্রিক মাইনের আঘাত এবং মার্কিন নৌ অবরোধ ঘিরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি সামনে এসেছে।
সূত্র: আল জাজিরা