বিবাহবিচ্ছেদের পথে প্রীতম হাসান ও শেহতাজ

দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্যজীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী-গায়িকা শেহতাজ। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। তাঁরা জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা।
শেহতাজ তাঁর ফেসবুক পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বজায় রেখে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
শেহতাজ বলেন, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
একসঙ্গে কাজ করতে গিয়ে প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাঁদের পরিচয় হয়, পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন প্রীতম ও শেহতাজ। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়।
তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাঁদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত দুজনই প্রকাশ্যে জানালেন, দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।