দেব-শুভশ্রীর পুরোনো প্রেম ঘিরে ফের সরগরম নেটদুনিয়া

আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এই জুটির উপস্থিতি, নাচ ও গানে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
প্রচার অনুষ্ঠানে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। আর শুভশ্রীকে দেখা যায় কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড জারার এই পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।
তবে শুভশ্রীর পোশাকের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনায় এসেছে দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ও বর্তমান পর্দার রসায়ন। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে এই জুটির জনপ্রিয়তা বাড়ে। পরে বাস্তব জীবনেও সম্পর্কে জড়ান তারা। ২০১৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। অন্যদিকে দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা প্রকাশ্যেই রয়েছে। ফলে দীর্ঘ সময় পর ‘দেশু ৭’-এর প্রচারে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।
শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে একজন রসিকতা করে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’ আরেকজন মন্তব্য করেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’ অন্য একজন লিখেছেন, ‘এক্সের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’ কেউ কেউ আবার শুভশ্রীকে উদ্দেশ করে নানা রসিকতাও করেছেন।
উল্লেখ্য, ‘দেশু ৭’ দেব ও শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।