রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
হামলায় আহত সাংবাদিকরা হলেন—আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের এই নেতা।
হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতির মধ্যেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে হামলায় জড়িতদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার বা আইনের আওতায় না আনার বিষয়টি উদ্বেগজনক।
মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীরা যে পক্ষেরই হোক, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
তিনি বলেন, এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ক্যাম্পাসে আবারও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।