মূল সড়কে হকার বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত নিয়মের বাইরে মূল সড়ক বা ফুটপাতে হকার বসানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হকারমুক্ত ঘোষিত এলাকা পরিদর্শনে যান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। এসব আলোচনায় হকারদের পক্ষ থেকেও মূল সড়ক ছেড়ে দেওয়ার বিষয়ে স্বেচ্ছায় অঙ্গীকার করা হয়েছে। সবার সহযোগিতায় ফুটপাত ও সড়কে নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।
ডিএসসিসি প্রশাসক জানান, রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়ম মেনে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। তবে নির্ধারিত স্থান, সময় ও সংখ্যার বাইরে এবং নিবন্ধন ছাড়া যত্রতত্র বসে জনভোগান্তি সৃষ্টি করার সুযোগ নেই।
তিনি সতর্ক করে বলেন, নিয়মের ব্যত্যয় ঘটলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে প্রশাসক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক এক ঘণ্টার বেশি সময় ধরে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।