শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ অক্টোবর। আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ নিয়োগ পরীক্ষায় মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে ১০০ নম্বর।

লিখিত পরীক্ষার ২০০ নম্বরের মধ্যে সংশ্লিষ্ট পেশাগত বিষয়ের ওপর থাকবে ১০০ নম্বর। বাকি ১০০ নম্বরের পরীক্ষা হবে সাধারণ বিষয়ের ওপর। সাধারণ বিষয়ের এই অংশে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ এবং মানসিক দক্ষতায় ১০ নম্বর থাকবে।

লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।

এর আগে ২০২৫ সালের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ওই বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন