ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস

ফিট শরীর পেতে বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। এর জন্য প্রতিদিন কঠিন ব্যায়াম করা বা কঠোর ডায়েট মেনে চলাও জরুরি নয়। বরং নিয়মিত কিছু সহজ অভ্যাসই শরীর ও মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, নিজের শারীরিক সক্ষমতা ও জীবনযাত্রার সঙ্গে মানানসই ব্যায়াম ও খাদ্যাভ্যাস বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চলুন জেনে নেওয়া যাক ফিট থাকতে প্রতিদিনের পাঁচটি সহজ অভ্যাস—
১. প্রতিদিন হাঁটুন
শারীরিকভাবে সক্রিয় থাকার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো হাঁটা। নিয়মিত হাঁটলে হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখতে, অস্থিসন্ধির সচলতা বাড়াতে, মেজাজ ভালো রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।
প্রথম দিন থেকেই নির্দিষ্ট সংখ্যক পদক্ষেপ পূরণ করার চাপ নেওয়ার প্রয়োজন নেই। নিজের বর্তমান সক্ষমতা অনুযায়ী হাঁটা শুরু করুন এবং ধীরে ধীরে সময় ও দূরত্ব বাড়ান।
২. সপ্তাহে অন্তত দুদিন শক্তিবর্ধক ব্যায়াম
বয়স বাড়ার সঙ্গে পেশির শক্তি ও হাড়ের ঘনত্ব কমতে পারে। নিয়মিত স্ট্রেংথ বা ওয়েট ট্রেনিং এ ক্ষেত্রে উপকারী। সপ্তাহে অন্তত দুদিন শক্তিবর্ধক ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়।
রেজিস্ট্যান্স ব্যান্ড, ডাম্বেল কিংবা নিজের শরীরের ওজন ব্যবহার করেও এ ধরনের ব্যায়াম করা যায়। নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং পেশির শক্তি ও ভর ধরে রাখতে, ভারসাম্য উন্নত করতে এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা বজায় রাখতে সহায়তা করতে পারে।
৩. খাবারে প্রোটিন রাখুন
সুস্থ শরীরের জন্য ব্যায়ামের পাশাপাশি সঠিক পুষ্টিও জরুরি। দৈনন্দিন খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন রাখলে পেশির গঠন ও মেরামতে সহায়তা করে। একই সঙ্গে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করায় অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতাও কমতে পারে।
ডিম, মাছ, মাংস, দুধ ও দুধজাত খাবার, ডাল, ছোলা, বাদামসহ বিভিন্ন খাবার থেকে প্রোটিন পাওয়া যায়। তবে বয়স, ওজন, শারীরিক অবস্থা ও দৈনন্দিন কর্মকাণ্ড অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ ভিন্ন হতে পারে।
৪. ঘরে তৈরি খাবারকে গুরুত্ব দিন
সুস্থ থাকতে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা ভালো। এতে খাবারের উপকরণ, পরিমাণ ও রান্নার পদ্ধতি নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায়।
অতিরিক্ত বাইরে খেলে খাবারে লবণ, চিনি, তেল বা ক্যালোরির পরিমাণ বেশি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই যতটা সম্ভব ঘরে তৈরি সুষম খাবার খাওয়ার অভ্যাস করুন। খাদ্যতালিকায় শাকসবজি, ফল, পূর্ণ শস্য, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির ভারসাম্য রাখার চেষ্টা করা উচিত।
৫. ঘুমের অভ্যাস ঠিক করুন
শরীর ও মন ভালো রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিয়মিত ঘুম বা দীর্ঘদিনের ঘুমের ঘাটতি শারীরিক ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। ঘুমানোর আগে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমানো এবং একটি নির্দিষ্ট ঘুমের রুটিন অনুসরণ করাও উপকারী হতে পারে।
ফিট থাকার জন্য বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিন হাঁটা, নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম, সুষম খাবার এবং পর্যাপ্ত ঘুম—এই সহজ অভ্যাসগুলো ধারাবাহিকভাবে মেনে চলাই দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনের ভালো ভিত্তি তৈরি করতে পারে।