অপমানের কথা বছরের পর বছর মনে থাকে কেন?

কখনো কি এমন হয়েছে, বহু বছর আগের কোনো বিব্রতকর ঘটনা হঠাৎ করেই মনে পড়ে গেল? হয়তো ২০১৬ সালের কোনো অনুষ্ঠানে কেউ আপনাকে এমন একটি কথা বলেছিল, যা তখন খুব অস্বস্তিতে ফেলেছিল। ঘটনাটি অন্যরা হয়তো অনেক আগেই ভুলে গেছে, কিন্তু আপনার মনে সেটি এখনো স্পষ্ট। এমনকি ব্যস্ততার মাঝেও হঠাৎ সেই কথাটি মনে পড়ে মন খারাপ হয়ে যেতে পারে।
এর পেছনে রয়েছে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কিছু প্রক্রিয়া। সব স্মৃতি মস্তিষ্ক একইভাবে সংরক্ষণ করে না। কোনো ঘটনা যদি আমাদের আবেগে তীব্র প্রভাব ফেলে—লজ্জা, ভয়, আনন্দ, অপমান কিংবা অস্বস্তি তৈরি করে—তাহলে সেটি সাধারণ দৈনন্দিন ঘটনার তুলনায় বেশি শক্তভাবে মনে গেঁথে যেতে পারে।
বিশেষ করে বিব্রতকর মুহূর্তের সঙ্গে প্রায়ই জড়িয়ে থাকে অন্যদের কাছে নিজের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ। মস্তিষ্ক এমন ঘটনাকে ভবিষ্যতে একই পরিস্থিতি এড়িয়ে চলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরে রাখতে পারে। ফলে বহু বছর পরও সেই ঘটনার কোনো অংশ হঠাৎ মনে পড়ে যেতে পারে।
সামাজিক অপমান এতটা কষ্ট দেয় কেন?
মানুষ সামাজিক জীব। অন্যদের কাছে গ্রহণযোগ্যতা ও নিজের অবস্থান নিয়ে উদ্বেগ আমাদের স্বাভাবিক মানসিক প্রবণতার অংশ। তাই অন্যের সামনে অপমানিত বা প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা অনেক সময় গভীরভাবে প্রভাব ফেলে।
গবেষণায় দেখা গেছে, সামাজিক প্রত্যাখ্যান ও শারীরিক ব্যথার অভিজ্ঞতার মধ্যে মস্তিষ্কের কিছু কার্যক্রমের মিল রয়েছে। এ কারণেই অন্যের সামনে অপমানিত হওয়ার স্মৃতি অনেক সময় শুধু মানসিক অস্বস্তি নয়, শারীরিক কষ্টের মতোও অনুভূত হতে পারে।
যে স্মৃতির আবেগ শেষ হয়নি, সেটিই বেশি ফিরে আসে
কোনো বিব্রতকর ঘটনার পর যদি মনে হয়, ‘আমি তখন এমনটা কেন বললাম?’ বা ‘আরেকটু ভালোভাবে উত্তর দিতে পারতাম’, তাহলে সেই ঘটনা বারবার মনে পড়তে পারে। বিশেষ করে ঘটনার সঙ্গে যদি অনুশোচনা, লজ্জা বা রাগের মতো আবেগ জড়িয়ে থাকে, তাহলে স্মৃতিটি আরও সক্রিয় থাকতে পারে।
কখনো সেই ঘটনা নিয়ে বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা বলা, নিজের ভুলকে স্বাভাবিকভাবে দেখা কিংবা সময়ের সঙ্গে ঘটনাটিকে নতুন দৃষ্টিতে বিচার করা অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। কোনো ঘটনার গুরুত্ব নিয়ে বাস্তবসম্মতভাবে ভাবাও জরুরি। কারণ আমরা নিজেরা যে ঘটনাকে বিশাল মনে করি, অন্যরা হয়তো সেটি খুব সামান্য বিষয় হিসেবেই দেখেছে।
মস্তিষ্ক আসলে আপনাকে সতর্ক রাখতে চায়
পুরোনো বিব্রতকর স্মৃতি ফিরে আসার একটি কারণ হলো শেখার প্রক্রিয়া। মস্তিষ্ক অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে চায়। তাই কোনো অস্বস্তিকর ঘটনার স্মৃতি মনে পড়ার সময় যে অস্বস্তি তৈরি হয়, সেটি অনেক ক্ষেত্রে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে।
তবে সমস্যা হলো, মস্তিষ্ক সবসময় বুঝতে পারে না কখন সেই সতর্কতা বন্ধ করা প্রয়োজন। ফলে বহু আগের একটি ঘটনা প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় ধরে মনে ঘুরতে পারে।
সবাই আসলে আপনাকে এতটা খেয়াল করে না
নিজের বিব্রতকর মুহূর্তগুলো নিয়ে আমরা প্রায়ই ধরে নিই, আশপাশের সবাই বিষয়টি দেখেছে এবং মনে রেখেছে। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে ‘স্পটলাইট এফেক্ট’ বলা হয়।
বাস্তবে অন্য মানুষ সাধারণত আমাদের আচরণের দিকে আমরা যতটা মনোযোগ দিই, ততটা দেয় না। আমরা নিজের ভুল, পোশাক, কথা বা আচরণ নিয়ে যতটা ভাবি, অন্যরা ততটা ভাবার সম্ভাবনা কম। কারণ প্রত্যেকেই মূলত নিজের জীবন ও নিজের আচরণ নিয়েই বেশি ব্যস্ত থাকে।
তাই বহু বছর আগের কোনো বিব্রতকর ঘটনা হঠাৎ মনে পড়ে গেলে নিজেকে অস্বাভাবিক ভাবার প্রয়োজন নেই। এটি মানুষের মস্তিষ্কের স্বাভাবিক একটি প্রবণতা। মস্তিষ্ক অতীতের অস্বস্তিকর অভিজ্ঞতা মনে রেখে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে চায়। তবে মনে রাখা দরকার, আপনার কাছে যে ঘটনা আজও বড় মনে হচ্ছে, অন্যদের কাছে সেটি হয়তো অনেক আগেই গুরুত্ব হারিয়েছে।