জালিয়াতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তাঁর বিরুদ্ধে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের তদন্তের মধ্যে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার রাতে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের কাছে পদত্যাগপত্র পাঠান সায়মা ওয়াজেদ।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ লিখেছেন, তাঁর অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্যই তিনি আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করেছেন।
তবে ডব্লিউএইচওর মহাপরিচালকের বিরুদ্ধে তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে প্রায় এক বছর ধরে অবৈতনিক ছুটিতে থাকায় কোনো বেতন বা পারিশ্রমিক না পাওয়ায় তাঁর আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন।
সায়মা ওয়াজেদ ২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। পরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর তাঁকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়।
রয়টার্সের দেখা ডব্লিউএইচওর কাছে তাঁর আইনজীবীদের পাঠানো গত বছরের ৩ জুলাইয়ের একটি চিঠিতে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরে আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছিল সংস্থাটি।
এ ছাড়া সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধভাবে একটি জমি দখলের অভিযোগও আনা হয়েছিল বলে তাঁর পদত্যাগপত্রের তথ্যের বরাতে জানিয়েছে রয়টার্স।
তবে জমির মালিকানার বিষয়ে সায়মা ওয়াজেদ দাবি করেছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমির মালিক হয়েছিলেন। বাংলাদেশের একটি আইনের আওতায় তিনি জমিটি পাওয়ার অধিকারী ছিলেন বলেও দাবি করেন তিনি। ওই আইনে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নির্দিষ্ট সুবিধা দেওয়ার বিধান ছিল বলে তাঁর বক্তব্য।
ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতির অভিযোগও অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। গত জুলাইয়ে ডব্লিউএইচওকে পাঠানো আইনজীবীদের চিঠিতে তিনি বলেন, ৯০১ ডলারের ওই বিষয়টি ছিল নিয়মিত খরচ ফেরত নেওয়ার আবেদন প্রক্রিয়ায় একজন সহকারীর করা প্রশাসনিক ভুল।
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি জানান, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এ বিষয়ে তিনি ডব্লিউএইচওর মহাপরিচালককে আগেই স্পষ্টভাবে জানিয়েছিলেন বলেও দাবি করেন।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি ডব্লিউএইচও। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে রয়েছেন। তবে গোপনীয়তার কারণে তাঁর মামলাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।
রয়টার্স জানিয়েছে, এর আগে দুটি সূত্র বলেছিল, ডব্লিউএইচও আনুষ্ঠানিকভাবে সায়মা ওয়াজেদকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে।
সূত্রগুলোর একজনের বরাতে রয়টার্স জানায়, ডব্লিউএইচও আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালকের জন্য মনোনয়ন ঘোষণা করবে। ডিসেম্বরে আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকরা ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ স্বাস্থ্যনীতি কর্মকর্তাদের মধ্যে অন্যতম। প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে সংস্থার নীতিগুলো সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাঁরা। বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলো পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে আঞ্চলিক পরিচালক নির্বাচন করে।
তথ্যসূত্র: রয়টার্স