স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে নারী আটক

স্বামীকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মৌসুমী আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। নিহত আলম হক (৩০) একই এলাকার তোসলিম উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে আলম হকের সঙ্গে মৌসুমী আক্তারের বিয়ে হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম। তার পেটে ব্যথা শুরু হয় এবং বমি হতে থাকে। এ সময় পরিবারের সদস্যদের কাছে তিনি বিষ খেয়েছেন বলে সন্দেহের কথা জানান।
অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা জড়ো হওয়ার পর পানি খাওয়ানোর কথা বলে শরবতের সঙ্গে আরও ওষুধ মিশিয়ে আলমকে খাওয়ানো হয়। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছোট বোন অভিযোগ করে বলেন, তার ভাবি এভাবে ভাইকে বিষ খাইয়ে হত্যা করবেন, তা তারা কল্পনাও করতে পারেননি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা জানিয়েছিলেন, আলমের স্ত্রী ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। পরে পুলিশ মৌসুমী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।