নারী টেনিসে নতুন বিশ্বসেরা কাজাখস্তানের রিবাকিনা

নারী টেনিসে আরিনা সাবালেঙ্কার ৯৯ সপ্তাহের রাজত্বের অবসান ঘটতে যাচ্ছে। নতুন বিশ্বসেরা হিসেবে শীর্ষস্থান দখল করতে চলেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চীনের জেং কিনওয়েনকে হারিয়ে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান নিশ্চিত করেছেন রিবাকিনা। প্রথম সেট ৩-৬ ব্যবধানে হারলেও পরের দুই সেটে ৬-১, ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন তিনি।
এর ফলে সোমবার নতুন র্যাঙ্কিং প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় হবেন রিবাকিনা। কাজাখস্তানের ইতিহাসে নারী-পুরুষ মিলিয়ে তিনিই প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে একক র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছেন।
২০২৪ সালের ২১ অক্টোবর থেকে টানা ৯৯ সপ্তাহ শীর্ষে ছিলেন সাবালেঙ্কা। ডব্লিউটিএ ইতিহাসে টানা এক নম্বরে থাকার দিক থেকে এটি ষষ্ঠ দীর্ঘতম সময়।
চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কার মুখোমুখি হয়েছিলেন রিবাকিনা। তিন সেটের লড়াইয়ে জিতে শিরোপা ঘরে তুলেছিলেন তিনি। এবার ইউএস ওপেনের ফাইনালেও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নয়, ইউএস ওপেনের শিরোপাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন রিবাকিনা। ম্যাচ শেষে তিনি বলেন, এক নম্বর হওয়া বড় অর্জন হলেও তার মূল লক্ষ্য টুর্নামেন্ট জয় করা।
রাশিয়ায় জন্ম নেওয়া রিবাকিনা ২০১৮ সালে কাজাখস্তানের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২২ সালে উইম্বলডন জিতে কাজাখস্তানের প্রথম গ্র্যান্ড স্ল্যাম একক চ্যাম্পিয়ন হন তিনি। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সংখ্যা আরও বাড়ান।
এদিকে ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনালে শীর্ষ চার বাছাই—রিবাকিনা, সাবালেঙ্কা, জেসিকা পেগুলা ও কোকো গফ—জায়গা করে নিয়েছেন। সেমিফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ গফ এবং অন্য ম্যাচে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও পেগুলা।
২০০৯ সালের উইম্বলডনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের নারী এককে শীর্ষ চার বাছাই একসঙ্গে সেমিফাইনালে উঠলেন।