বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রয়াত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ

প্রয়াত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রয়াত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

তার পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। লক্ষ্মীপুরের ভোলাকোটের বড়বাড়িতে ছিল তাদের গ্রামের বাড়ি। ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। তার বাবা নূরুজ্জামান ছিলেন প্রখ্যাত আইনজীবী এবং মা নুরুন্নেসা বেগম। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। পরে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সিনেমা ও নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য অর্জন করেন একুশে পদকও।

অভিনয়ের পাশাপাশি ধর্মের প্রতিও তার গভীর অনুরাগ ছিল। জীবনে ১১ বার হজ করেছেন বলে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা। আরও একবার হজ করার ইচ্ছা থাকলেও তা আর পূরণ হয়নি।

জীবনের শেষ দিকে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এটিএম শামসুজ্জামান। ২০১৯ সালে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০২১ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এটিএম শামসুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার অভিনয় ও সৃষ্টিশীল কর্ম আজও বাংলা সংস্কৃতি ও বিনোদনজগতে স্মরণীয় হয়ে আছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন