বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় এখনও কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় এখনও কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে এখনও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন। ৭৯ বছর বয়সী এই অভিনেত্রীর দাবি, গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সমর্থনে কথা বলার পর হলিউডের কিছু অংশে তাকে এড়িয়ে চলার প্রবণতা এখনও রয়েছে।

সম্প্রতি ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন সারান্ডন।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থসহায়তার বিষয়টি এখন অনেকের কাছেই আগের চেয়ে স্পষ্ট।

সারান্ডনের ভাষ্য, ফিলিস্তিনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়েও মানুষের ধারণায় পরিবর্তন এসেছে। তবে জনমতের এই পরিবর্তনের প্রভাব পেশাগত ক্ষেত্রে এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না।

অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়েও তার কয়েকটি সিনেমার কাজ হাতছাড়া হয়েছে। তার দাবি, কিছু এজেন্সি এখনও প্রযোজকদের তাকে কাজে না নেওয়ার পরামর্শ দিচ্ছে।

সারান্ডন বলেন, বড় স্টুডিওগুলোর ক্ষেত্রে ইসরায়েলবিরোধী অবস্থান প্রকাশ্যে তুলে ধরা ব্যক্তিদের কাজ পাওয়ার ক্ষেত্রে এখনও বাধা রয়েছে। তবে আন্তর্জাতিকভাবে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া উষ্ণতায় তিনি সন্তুষ্ট।

নতুন সিনেমায় কাজের সুযোগ দেওয়ায় পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সারান্ডন। এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটির মাধ্যমে তিনি নিজের ‘পরিবার’ ও ‘নিজের মানুষদের’ খুঁজে পেয়েছেন এবং তিনি ভালো আছেন। তার এই বক্তব্যের পর সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা দীর্ঘ সময় করতালি দেন।

ভেনিস উৎসবেও ফিলিস্তিন প্রসঙ্গ

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও ফিলিস্তিন ইস্যু আলোচনায় এসেছে। উৎসবে প্রদর্শিত কয়েকটি সিনেমায় ফিলিস্তিনি সাধারণ মানুষের সংগ্রাম ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি উৎসবস্থলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোর দাবিও জানিয়েছেন কয়েকজন অধিকারকর্মী।

তবে ভেনিস চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরা জানিয়েছেন, ইতালি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ায় উৎসবে ফিলিস্তিনি পতাকা ওড়ানো সম্ভব নয়।

ফিলিস্তিনিদের পক্ষে দীর্ঘদিন ধরেই সোচ্চার সারান্ডন। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনপন্থী একটি সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার দীর্ঘদিনের প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি (UTA) তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

সারান্ডনের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’ ইতালীয় নির্মাতা বের্নার্দো বের্তোলুচ্চির শেষ চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত। এতে একজন বয়স্ক গায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার গল্পে দেখা যায়, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা এক সংগীত প্রযোজককে নিজের নতুন অ্যালবামের কাজে যুক্ত করেন ওই গায়িকা।

‘দ্য ইকো চেম্বার’ ভেনিস চলচ্চিত্র উৎসবের গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য প্রতিযোগিতায় থাকা ২১টি সিনেমার একটি। আগামী ১২ সেপ্টেম্বর উৎসবের পুরস্কার ঘোষণা হওয়ার কথা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন