বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। দুই অভিনেত্রীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন এমএইচ খোকন।
সিনেমাটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।
সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে ‘লজ্জা’। সিনেমাটির গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। প্রধান দুই চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়াকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।
এদিকে বাঁধন বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। বিখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে তাঁর অভিনীত সিনেমা **‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’**। ভেনিস উৎসবের কার্যক্রম শেষ করে দেশে ফিরেই ‘লজ্জা’র শুটিংয়ে যোগ দেবেন তিনি।
বাঁধনের হাতে আরও রয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমা **‘গুলশানের চামেলী’**। বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম **‘লাপাত্তা’**। এর শুটিং প্রায় শেষ। শুধু একটি গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে আইস্ক্রিনে ওয়েব ফিল্মটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।