গেন্ডারিয়ায় গোলাগুলি: বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদসহ গ্রেপ্তার ৫

রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ জিসান (১৯), মোহাম্মদ রমজান (১৯), মো. শাহীন (৩৪), শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)।
র্যাব জানায়, গত ৩০ আগস্ট করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির গ্রুপ ও অটো সজল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আশা আক্তার (২০), সিয়াম (১৮) এবং চা-দোকানি আলমগীর হোসেন রাসেল গুলিবিদ্ধ হন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। ১ সেপ্টেম্বর জিসান ও রমজান, ৮ সেপ্টেম্বর শাহীন এবং ৯ সেপ্টেম্বর পৃথক অভিযানে শাবাব ও মাহিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, শাবাবকে গ্রেপ্তারের সময় দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত হয়েছে। শাবাবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় তিনটি মাদক মামলাও রয়েছে।
র্যাব আরও জানায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে আলমগীর ও সিয়ামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা সুস্থ আছেন। আহত আশা আক্তারও স্থিতিশীল রয়েছেন। তবে তার পায়ে থাকা গুলি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান চলছে।
এর আগে একই ঘটনায় ডিবির ওয়ারী বিভাগ চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেও দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ছোরা ও ১৬০টি ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়।