ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমায়ুন কবির

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তাকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় ফোরামে অংশ নেওয়ার চেয়ে ঢাকা দ্বিপাক্ষিক সফর ও আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।
গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। বিভিন্ন গণমাধ্যমে কী বলা হচ্ছে, সেটি বিবেচনার চেয়ে দেশের স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।
বাণিজ্য ইস্যুতে প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন কোনো আপডেট দেওয়ার মতো তথ্য নেই।
রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এত জটিল বিষয়ে হঠাৎ করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। ধৈর্য ধরার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দ্রুতই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।