বক্স অফিসের পর ওটিটিতেও কমল ‘টক্সিক’-এর দাম

বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি যশ ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এবার ছবিটির ওটিটি স্বত্বের মূল্য নিয়েও বড় ধরনের পতনের খবর সামনে এসেছে। মুক্তির আগে যে ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি রুপির প্রস্তাব এসেছিল, সেটিই এখন নেমে প্রায় ৩০ কোটি রুপিতে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
তবে এখনো ছবিটির ওটিটি চুক্তি চূড়ান্ত হয়নি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর যশের পরবর্তী সিনেমা হওয়ায় ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি। এর সঙ্গে বড় বাজেট, গ্যাংস্টার ঘরানার গল্প এবং নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও হুমা কুরেশির মতো তারকাদের উপস্থিতি সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
১৫০ কোটি থেকে ৩০ কোটি
মুক্তির আগে একটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টক্সিক’-এর পোস্ট-থিয়েট্রিক্যাল ডিজিটাল স্বত্ব কিনতে প্রায় ১৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল বলে জানা যায়। কিন্তু নির্মাতারা সেই প্রস্তাবে রাজি হননি। সিনেমাটি প্রেক্ষাগৃহে বড় সাফল্য পেলে ওটিটি স্বত্বের মূল্য আরও বাড়বে—এমন প্রত্যাশা থেকেই তারা ২০০ কোটি রুপির বেশি দাম চেয়েছিলেন বলে জানা গেছে।
কিন্তু বক্স অফিসে ছবির ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় পরিস্থিতি বদলে যায়। এর প্রভাব পড়ে সিনেমাটির ডিজিটাল স্বত্বের মূল্যায়নেও। বর্তমানে প্রায় ৩০ কোটি রুপির প্রস্তাবের কথা শোনা যাচ্ছে।
প্রথম দিনের পরই কমতে থাকে ব্যবসা
‘টক্সিক’-এর বক্স অফিস যাত্রার শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল। ভারতে সব ভাষা মিলিয়ে মুক্তির প্রথম দিনে ছবিটির নেট আয় হয়েছিল প্রায় ১০১ দশমিক ১০ কোটি রুপি।
তবে পরবর্তী সময়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় সিনেমাটির আয় দ্রুত কমতে থাকে। ১২ দিন শেষে ভারতে ছবিটির নেট সংগ্রহ প্রায় ২৪৫ দশমিক ৭৫ কোটি রুপি বলে জানা গেছে।
ফলে মুক্তির আগে যে ধরনের ব্যবসায়িক সাফল্যের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি। আর সেই কারণেই প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি স্বত্বের মূল্য নিয়েও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে ‘টক্সিক’।
ছবিটির চূড়ান্ত ওটিটি চুক্তি কোথায় এবং কত টাকায় হয়, এখন সেটিই দেখার বিষয়।