‘ইরানিরা কী করে, সবই আমরা দেখি’: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্রের সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ইরানের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতার বিষয়টি তুলে ধরেন।
ট্রাম্পের দাবি, ইরান কয়েকদিন ধরে নতুন ধরনের একটি রকেট তৈরির চেষ্টা করছিল। রকেটটি সমুদ্রে মাইন স্থাপনে ব্যবহার করা সম্ভব। ইরানের এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নজরে থাকার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ইরানিরা মার্কিন নজরদারি এড়িয়ে কোনো কর্মকাণ্ডই পরিচালনা করতে পারে না।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব শক্তিশালী হামলা চালিয়েছি। যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। আমরা হরমুজ দিয়ে প্রতিদিন অসংখ্য জাহাজ বের করে আনছি, যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা কোনো সমস্যা ছাড়াই এটি করছি। ইরানিরা প্রতিবার একটি করে ড্রোন ছোড়ে, আর আমরা সেগুলো ভূপাতিত করে দিই।’
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ অত্যন্ত শক্তিশালী বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সামরিক প্রস্তুতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠন এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তৈরি করা নতুন যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা হরমুজ থেকে সব মাইন অপসারণ করেছি। তারা এমন একটি রকেট তৈরি করতে চাইছিল, যেটি দিয়ে মাইন স্থাপন করা যায়। কারা এমনটি করে? আপনারা কি কখনো এমন রকেট দেখেছেন, যেটি সমুদ্রে মাইন ফেলে? আমি কখনো এমন কিছুর কথা শুনিনি। কিন্তু তারা আসলে এটিই করছিল।’
ইরানের ওই রকেট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, এ কারণে যুক্তরাষ্ট্র সেগুলো ধ্বংস করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দেখতে পাই তারা এমন রকেট তৈরি করছে। তারা কী কী করে, আমরা তার সবই দেখি। তারা আমাদের নজর এড়িয়ে নড়তেও পারে না। আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না। তাই যখনই আমরা তাদের নতুন রকেট দেখলাম, সেটি ধ্বংস করে দিয়েছি। আমরা আরও কিছু বস্তু ধ্বংস করেছি।’
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও কৌশলগত উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র একদিকে প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের দাবি করছে, অন্যদিকে ইরানও নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখার কথা জানিয়ে আসছে।