বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এশিয়ায় ব্রাজিলের দুই ম্যাচ, জেনে নিন কবে কার বিপক্ষে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা লন্ডনে সরানোর কারণ জানাল নেদারল্যান্ডস বিচারবহির্ভূত হত্যা ও হয়রানি বন্ধে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ ছাত্রদলের চার পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী জানুয়ারিতে দুই পর্বে জুবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা বঙ্গবন্ধু ট্রাস্টের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ; হাসিনা-রেহানার মামলা করবে দুদক জুলাই হত্যা মামলায় রিয়াজের জামিন আবেদন নাকচ করলেন হাইকোর্ট তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশের কেন্দ্রীয় অপরাধ পরিসংখ্যান ও জেলা পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে এ মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি জানান, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মাসিক তথ্য পুলিশ সদর দপ্তরে নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। আগের বছরের পরিসংখ্যানের সঙ্গে এসব তথ্য তুলনা করেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এ মূল্যায়নের পেছনে সরকারি তথ্য ও পুলিশের রেকর্ড রয়েছে। কারও কাছে ভিন্ন পরিসংখ্যান থাকলে তা যাচাইয়ের জন্য পুলিশকে দেওয়ার আহ্বান জানান তিনি।

    শিশু নিখোঁজের ঘটনায় প্রায় ১৫ হাজার সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার এবং এ সংখ্যা আগের সময়ের তুলনায় বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তথ্যটির উৎস জানতে চান। সংশ্লিষ্ট নথি দিলে তা যাচাই করে দেখা হবে বলেও জানান তিনি।

    দেশের প্রতিটি জেলা থেকে মাসিক অপরাধের তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সংকলন করা হয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব তথ্যের ভিত্তিতে সার্বিক অপরাধচিত্র তৈরি এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে তাঁর বক্তব্য ডাটাভিত্তিক ও পুলিশের রেকর্ডনির্ভর বলেও উল্লেখ করেন তিনি।

    বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান চিত্রে সরকার সন্তুষ্ট। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা আরও উন্নত করতে সময় প্রয়োজন।

    সম্প্রতি ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গে তিনি জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে গোয়েন্দা পুলিশের অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।

    ছিনতাইকারীরা এখনও সক্রিয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ সংঘটনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নোটিশ দেওয়া হয় না। তবে ধারাবাহিক অভিযানের কারণে ছিনতাইয়ের প্রবণতা ইতোমধ্যে কমেছে এবং ভবিষ্যতে আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের কেউ গোপনে সরকারকে বিব্রত করা বা পরিস্থিতির উন্নয়নে বাধা দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে এবং সেখান থেকেও অনিয়ম বা সংশ্লিষ্ট বিষয়গুলো শনাক্ত করা হয়।

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও ভালো করার সক্ষমতা সরকারের রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন