বিচারবহির্ভূত হত্যা ও হয়রানি বন্ধে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
এসব বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে।
সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল আরও দৃঢ় করা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।