মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের আরও অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।
তারা রাষ্ট্রপতির শপথ গ্রহণ উপলক্ষে পৃথক বার্তায় শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন।
বার্তায় বলা হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আমিরাত।