হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
নতুন তিন মৃত্যুসহ গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।
এক দিনে হাম শনাক্ত ৮০ জনের
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৫২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে।
হাসপাতালে ভর্তি ১ লাখ ৪১ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে হালনাগাদ করা হচ্ছে।