মিডিয়ায় চাপ সৃষ্টি করেও ফ্যাসিস্টরা নিজেদের বাঁচাতে পারেনি: তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেন, আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও নিজেদের রক্ষা করতে পারে না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, অতীতে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং অনেক গণমাধ্যমও কেড়ে নেওয়া হয়েছে। এত কিছু করার পরও সংশ্লিষ্টরা শেষ পর্যন্ত রক্ষা পাননি।
তিনি বলেন, ‘অনেক সাংবাদিকের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে, মামলা দেওয়া হয়েছে। অনেক মিডিয়া কেড়ে নেওয়া হয়েছে। এত কিছু করার পরেও তারা কি রক্ষা পেয়েছে? ফ্যাসিস্টরা রক্ষা পায়নি।’
সাংবাদিকদের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তিনি সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে সবসময় উন্মুক্ত থাকতে চান। কাউকে চাপ প্রয়োগ করে ভালো করা যায় না। যার কাজ ভালো, তিনি নিজের যোগ্যতাতেই ভালো করবেন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, জনগণের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ধরনের বরাদ্দ দিয়ে থাকে। এসব বরাদ্দ যথাযথভাবে বিতরণ হচ্ছে কি না এবং টেকসই উন্নয়নে তা কাজে লাগছে কি না, সাংবাদিকদের সেদিকে নজর রাখতে হবে।
একই সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে পার্থ বলেন, সাংবাদিকদের এমনভাবে সংবাদ পরিবেশন করা উচিত, যাতে অযথা বা অহেতুক কারও সম্মানহানি না ঘটে।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের আওতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে না।
ভোলার উন্নয়ন প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, তিনি ভোলার মানুষের সন্তান হিসেবে বেড়ে উঠেছেন। তার বাবা মরহুম নাজির রহমান মঞ্জুকে ভোলার উন্নয়নের রূপকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি তারই সন্তান।
তিনি বলেন, ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। তার কাছে দল-মতের কোনো বিভেদ নেই। তিনি সবার এবং সবাই তার।
ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়ে পার্থ বলেন, এসব উন্নয়ন নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই করা হবে।
মতবিনিময় সভায় ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু।
সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, দৈনিক আজকের গলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।