অসুস্থ ফারজানা রুপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন সাংবাদিক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ ট্রাইব্যুনালে আবেদন করেন। শুনানিতে তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট থেকে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন তার মক্কেল। তার এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়।
আবেদনটি শুনে ট্রাইব্যুনাল সন্তানদের হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে শারীরিক অসুস্থতা দেখা দিলে ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে রেখে তার চিকিৎসা চলছে।
এদিকে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার শুনানির দিন ধার্য ছিল।
মামলাটিতে মোট ৪১ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে ফারজানা রুপা ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। বাকি ১০ আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।