নার্সিং শিক্ষায় বাস্তব প্রশিক্ষণ বাড়াতে আইইউবিএটি-ইউনিকো হসপিটালের তিন চুক্তি

নার্সিং শিক্ষার্থীদের হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের পেশাগত ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে তিনটি চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ঢাকার ইউনিকো হসপিটালস পিএলসি।
গত ৩১ আগস্ট আয়োজিত এক অনুষ্ঠানে আইইউবিএটির কলেজ অব নার্সিং এবং ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে আইইউবিএটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালস পিএলসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ
প্রথম সমঝোতা স্মারকের আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালে তত্ত্বাবধানে ক্লিনিক্যাল রোটেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি এবং কমিউনিটি হেলথসহ বিভিন্ন বিভাগে কাজের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব স্বাস্থ্যসেবা পরিবেশের অভিজ্ঞতা অর্জন করবেন।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রযোজ্য অ্যাকাডেমিক ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে রোগীসেবা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ক্লিনিক্যাল প্রক্রিয়া, যোগাযোগ এবং পেশাগত নৈতিকতার মতো বিষয়ে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
গ্র্যাজুয়েটদের ছয় মাসের ইন্টার্নশিপ
দ্বিতীয় সমঝোতা স্মারকটি পেশাগত ইন্টার্নশিপ নিয়ে। এর আওতায় ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের যোগ্য গ্র্যাজুয়েটরা ইউনিকো হসপিটালে ছয় মাসের কাঠামোবদ্ধ পেশাগত ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিতে পারবেন।
ইন্টার্নশিপ চলাকালে তারা হাসপাতালের বিভিন্ন নার্সিং ও ক্লিনিক্যাল বিভাগে বাস্তব কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে ইউনিকো হসপিটালস পিএলসির পক্ষ থেকে ইন্টার্নশিপ সম্পন্নের সনদ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের প্রশিক্ষণ নার্সিং গ্র্যাজুয়েটদের ক্লিনিক্যাল দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিও আরও শক্তিশালী করবে।
বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য স্বাস্থ্যসেবা সুবিধা
তৃতীয় চুক্তিটি সেবা সংক্রান্ত। এর আওতায় আইইউবিএটির শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং যোগ্য নির্ভরশীলরা ইউনিকো হসপিটালের নির্ধারিত কিছু স্বাস্থ্যসেবা করপোরেট ডিসকাউন্টে গ্রহণ করতে পারবেন।
সুবিধার মধ্যে চিকিৎসকের পরামর্শ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা রয়েছে। তবে এসব সুবিধা চুক্তিতে নির্ধারিত শর্ত ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী কার্যকর হবে।
দক্ষ নার্সিং পেশাজীবী তৈরিতে গুরুত্ব
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব নার্সিং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শেখার সুযোগ আরও বাড়াবে। অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে পেশাগত স্বাস্থ্যসেবা অনুশীলনের সংযোগ দক্ষ, নৈতিক ও আত্মবিশ্বাসী নার্সিং পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ইউনিকো হসপিটালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আদ্রা কুরিয়েন বলেন, এ ধরনের অংশীদারত্ব ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, আইইউবিএটি ও ইউনিকো হসপিটালসের এই উদ্যোগ নার্সিং শিক্ষায় অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদার করবে।