‘ট্রাম্প প্রণালি’! হরমুজের নাম পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এরপর প্রশ্ন তোলেন, গুরুত্বপূর্ণ এই জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না।
ট্রাম্প লেখেন, ‘এখন যেহেতু হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তবে কি এটির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?’
তবে ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তাঁর নিয়ন্ত্রণে রয়েছে—এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিতও সেই প্রচারণার অংশ হতে পারে বলে তারা মনে করছেন।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব এরই মধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়েছে। এর আগে মঙ্গলবার ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।
এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও দুই দেশের বক্তব্যে রয়েছে বড় ধরনের পার্থক্য। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা রয়েছে এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এর মধ্য দিয়ে পরিবহন হচ্ছে। তবে ইরানের দাবি, প্রণালিটি এখনো বন্ধ এবং এর নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে।
এর মধ্যে সৌদি আরব অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে তাদের একটি তেলবাহী জাহাজে ইরান হামলা চালিয়েছে। এতে দুই নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসও প্রায় প্রতিদিন হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবর প্রকাশ করছে।
যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও পড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম বেড়ে ৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে এই দাম ছিল ৩ ডলারের নিচে।
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্য অবশ্য এবারই প্রথম নয়। গত মাসে তিনি প্রণালিটিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধের সময় কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে থাকা লেক অন্টারিওর নাম একতরফাভাবে ‘লেক আমেরিকা’ করার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যুদ্ধ শুরুর পর ট্রাম্প বলেছিলেন, ছয় সপ্তাহের মধ্যে সংঘাতের অবসান হবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে এবং ইতোমধ্যে সাত মাসে পৌঁছেছে।
এর মধ্যেও ট্রাম্প একাধিকবার যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের দাবি করেছেন। সমালোচকদের মতে, যুদ্ধকে নিজেদের নিয়ন্ত্রণে দেখানোর চেষ্টা করলেও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ওপরও অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়ছে।