বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াত’: নুর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা রাষ্ট্রপতির শপথেই শেষ হবে ফখরুলের এমপি-মন্ত্রিত্ব: চিফ হুইপ সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন ফাইন্যান্স মিললে সোলারে যাবে ১,৩০০ পোশাক কারখানা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের ফর্মুলা জানালেন সিমন্স র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা নিষ্পত্তি হবে: ইন্তেখাব ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে চলছে ব্যালট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও পরিবেশে বাড়ছে চাপ: সেনাপ্রধান
  • রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরের নেপথ্যে কী?

    রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরের নেপথ্যে কী?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্ট এবং কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের পর গুঞ্জনটি আরও জোরালো হয়। তবে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। জানিয়েছেন, ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়।

    সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, ইসলামের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তবে তিনি মুসলিম হয়েছেন—এমন খবর সঠিক নয়।

    কার্লোস বলেন, ‘ইসলামের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে ইসলামের রীতি অনুযায়ী প্রার্থনা করতে দেখা সত্যিই চমৎকার। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সত্য নয়।’

    মুসলিম নারীকে বিয়ে করেছেন কার্লোস

    ইসলাম গ্রহণের খবর অস্বীকার করলেও মরক্কান মুসলিম নারী সুহাইলা এল তাহিরিকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রবার্তো কার্লোস। তাহিরি ফিফার লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ব্যবস্থাপনার পাশাপাশি ফুটবল-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের সঙ্গেও তিনি যুক্ত।

    গণমাধ্যমের খবর অনুযায়ী, কার্লোসের সঙ্গে তাহিরির পরিচয় শুরু হয়েছিল পেশাগত সূত্রে। ব্রাজিল ও ইউরোপের মধ্যে খেলোয়াড়দের ক্যারিয়ার ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রকল্পে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত পর্যায়ে গড়ায়।

    বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও ভিন্নধর্মী আয়োজন করা হয় বলে জানিয়েছেন কার্লোস। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদা একটি অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়।

    কার্লোস বলেন, ‘অনুষ্ঠানটি একাধিক পদ্ধতিতে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য উপযুক্ত আরেকটি অনুষ্ঠান আয়োজন করতেও আমরা আগ্রহী ছিলাম।’

    যেভাবে ছড়াল ইসলাম গ্রহণের খবর

    রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি প্রথমে ছড়িয়ে পড়ে তুরস্কের একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে।

    নিজের এক্স অ্যাকাউন্টে শাহিন দাবি করেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত শেখ জিহাদ হাম্মাদেহের সঙ্গে সাক্ষাতের সময় তিনি কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পারেন। তাঁর দাবি ছিল, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন।

    তবে রবার্তো কার্লোসের সরাসরি বক্তব্যে সেই দাবি নাকচ হয়ে গেল।

    বিয়ে নিয়ে আগেও প্রকাশ্যে এসেছিল খবর

    রবার্তো কার্লোস ও সুহাইলা এল তাহিরির সম্পর্কের খবর নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায়।

    গত ১৭ আগস্ট তাদের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে তাদের সম্পর্ক। সেই সূত্র ধরেই কার্লোসের ইসলাম গ্রহণের দাবিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

    তবে শেষ পর্যন্ত রবার্তো কার্লোস নিজেই স্পষ্ট করেছেন—মুসলিম নারীকে বিয়ে করলেও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। একই সঙ্গে স্ত্রীর ধর্মীয় বিশ্বাসের প্রতি নিজের সম্মান ও শ্রদ্ধার কথাও জানিয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন